চুয়েটে প্রথমবারের মত “জাতীয় গবেষণা মেলা-২০২৩” শুরু বুধবার
আগামী ৯ আগস্ট প্রথমবারের মতো “গবেষণা মেলা” বসছে ট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। দিনব্যাপী মেলায় দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৫০ জন শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী তুলে ধরবেন ১২৪টি গবেষণা প্রবন্ধ। এর মধ্যে থাকছে ৯১টি পোস্টার ও ৩৩টি প্রজেক্ট।
গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চুয়েটের প্রশাসনিক ভবনের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজন নিয়ে সোমবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজক কমিটির সদস্য সচিব ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম। বিভিন্ন প্রশ্নের জবাব দেন গবেষণা মেলা আয়োজক কমিটির সভাপতি এবং গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক।
এ সময় আয়োজক কমিটির সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোসাঃ রোকসানা খাতুন, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. স্বপন কুমার রায়, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ, ইটিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. সম্পদ ঘোষ, পিএমই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ইসলাম মিয়া, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. সাজ্জাদ আহম্মদ, উপ-পরিচালক (তথ্য ও প্রকাশনা) মোহাম্মদ ফজলুর রহমান, সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মুহাম্মদ রাশেদুল ইসলাম এবং জিপিএইচ ইস্পাতের সহকারী ব্যবস্থাপক (মার্কেটিং অ্যান্ড সেলস) মো. সোহানুর রহমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিকভাবে মেলায় অংশগ্রহণের জন্য ১৯৫টি পোস্টার ও প্রজেক্ট জমা পড়ে। অভিজ্ঞ রিভিউ প্যানেলের অ্যাবস্ট্র্যাক্টগুলো রিভিউ এর মাধ্যমে ১৯১টি (১৫৮টি পোস্টার ও ৩৩টি প্রজেক্ট) প্রাথমিকভাবে নির্বাচিত হয়। পরবর্তীতে বিশেষজ্ঞ গবেষক প্যানেলের রিভিউ এর মাধ্যমে চূড়ান্তভাবে মোট ১২৪টি (৯১টি পোস্টার ও ৩৩টি প্রজেক্ট) চূড়ান্তভাবে নির্বাচিত হয়। যা আগামী ৯ই আগস্ট ২০২৩ খি. উক্ত গবেষণা মেলায় বিভিন্ন লেভেলের গবেষকরা উপস্থাপন করার সুযোগ পাবেন। উক্ত গবেষণা মেলায় পোস্টার প্রদর্শনীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে যথাক্রমে দশ হাজার, সাত হাজার ও পাঁচ হাজার টাকা এবং প্রজেক্ট প্রদর্শনীতে যথাক্রমে পনেরো হাজার, দশ হাজার ও সাত হাজার টাকা পুরষ্কার প্রদান করা হবে। এছাড়া প্রথমবারের মত চট্টগ্রামের ১৫টি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মেলায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে। যাতে করে কলেজের ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয় পর্যায়ের গবেষণা সম্পর্কে একটা সম্যক ধারণা অর্জন করতে পারবেন। মেলায় অংশগ্রহণের জন্য কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি লাগবে না। এছাড়া সকল টিমকে সম্মাননা ক্রেস্ট ও সকল অংশগ্রহণকারীকে সনদপত্র প্রদান করা হবে।





